1
2
| প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
এক সপ্তাহে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার, নৌ পুলিশের অভিযানে আটক ৩০২
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দেশের বিভিন্ন অঞ্চলের নদীতে গত সাত দিনে পরিচালিত অভিযানে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ এসব তথ্য জানায়।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাত দিনব্যাপী এই অভিযানে দেশের বিভিন্ন নদী এলাকায় ব্যাপক অবৈধ কর্মকাণ্ডের চিত্র উঠে এসেছে। অভিযানে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি নদীর পরিবেশ ধ্বংসে ব্যবহৃত ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযান চলাকালে দুটি অবৈধ ড্রেজারও জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে মোট ৩০২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল আইন, ১টি মাদক মামলা, ১১টি অপমৃত্যু, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ৩টি হত্যা মামলা।
নৌ পুলিশ জানায়, নদীপথে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ জাল ও মাছ আহরণ বন্ধ এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত