1
2
| প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আওয়ামী লীগ ফিরে আসেনি, ফিরে এসেছে দম্ভ ও মিথ্যাচার : আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসেনি, বরং ফিরে এসেছে তাদের দম্ভ, মিথ্যাচার ও মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস বলে এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”
আসিফ নজরুলের এই মন্তব্য আসে সাবেক অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম-এর আগের দিনের ফেসবুক পোস্টের পরপরই। মঙ্গলবার মাহফুজ আলম জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কীভাবে আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে, তা ব্যাখ্যা করে কয়েকটি কারণ তুলে ধরেন।
ওই পোস্টে মাহফুজ আলম লেখেন, “‘২৪’-কে ‘৭১’-এর বিরুদ্ধে দাঁড় করানো, স্বাধীনতার বিরুদ্ধের শক্তি হিসেবে উপস্থাপন করাই ছিল লীগের ফিরে আসার সূচনা।” তিনি আরও দাবি করেন, ডানপন্থীদের উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই একটি গোষ্ঠী কাজ করেছে, যা আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থানে সহায়ক হয়েছে।
এছাড়া তিনি উল্লেখ করেন, সরকার–প্রযোজিত ডানপন্থার উত্থানে সেক্যুলার মানুষের ভীত হয়ে পড়া, উগ্রবাদীদের নিরাপদ পরিসর দেওয়া, মব সংস্কৃতিকে উৎসাহিত করা এবং ছাত্ররাজনীতির বিপ্লবী ধারার বদলে সহিংস জনতার সংস্কৃতিতে রূপ নেওয়াও আওয়ামী লীগের ফিরে আসার পথ সহজ করেছে।
২৪ ঘণ্টার ব্যবধানে সাবেক অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনদের একটি অংশ মনে করছেন, এই পাল্টাপাল্টি মন্তব্য বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নতুন বিতর্ককে উসকে দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত