1
2
| প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র : প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে দেশের প্রতিটি গ্রামকে আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা দেশকে আরও সমৃদ্ধ করবে।
মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে তিনি এই বিবৃতি দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার বাহিনীর সময়োপযোগী ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশংসনীয় দায়িত্ব পালন করেছে।
এই উপলক্ষে বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও তৃণমূলের আনসার-ভিডিপি সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাহিনীর ৬৭০ জন শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। এই যাত্রায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ‘আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার’ এই দর্শন এবং গণপ্রতিরক্ষা ও সামাজিক উন্নয়নের ধারণায় গড়ে ওঠা আনসার-ভিডিপির রয়েছে গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত এক শক্তিশালী নেটওয়ার্ক। সুরক্ষিত সমাজ গঠন, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং বহুমুখী সেবা কার্যক্রম বাস্তবায়নে বাহিনীটি সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে।
আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যদের সম্পৃক্ততার মাধ্যমে বৃক্ষরোপণসহ পরিবেশ সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন, দুর্যোগপ্রবণ এলাকায় বন্যা সুরক্ষা, পানিসম্পদ পরিকল্পনা, দুর্যোগকালীন খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনের মতো কার্যক্রমেও এই বাহিনী বড় ভূমিকা রাখতে পারে।
তিনি জানান, শিল্প-কারখানা, হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বর্তমানে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে কাজ করছেন।
তারুণ্যের শক্তির ওপর আস্থা রেখে প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজকে কেবল জনশক্তি নয়, দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার ও ভিডিপির চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ প্রশংসার যোগ্য। স্বনির্ভরতা ও কর্মসংস্থানের এই মডেলের মাধ্যমে উৎপাদনমুখী রাষ্ট্র ও সমাজ গঠনে আনসার-ভিডিপি কার্যকর সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত