1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দক্ষ ও জবাবদিহিমূলক গণমাধ্যম কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দেশের গণমাধ্যম খাতে একটি স্বাধীন, দক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম পরিচালনায় কেবল নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি নয়, বরং সব অংশীজনকে নিয়ে জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে।
রোববার (১৭ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও সংবাদ প্রধানদের সংগঠন টেলিভিশন এডিটরস কাউন্সিল-এর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে গণমাধ্যম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে ধারণাগত ঘাটতি রয়েছে। মালিক, উদ্যোক্তা, সাংবাদিক ও সরকারের মধ্যে সমন্বিত চিন্তার অভাবে খাতটি অনেকাংশে ব্যক্তি প্রভাব, বিনিয়োগ ও ক্ষমতার বলয়ে পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, গণমাধ্যম এমন একটি ক্ষেত্র যেখানে সরকার নিজেও অংশীজন। তাই একদিকে সরকারের দায়িত্ব পালন এবং অন্যদিকে সব পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, অতীতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের দৃষ্টিতে দেখা হয়েছে, যার ফলে অনিয়ম, প্রভাব বিস্তার ও অস্বচ্ছতা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে গণমাধ্যমকে অবৈধ আয়ের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে একটি কোয়াসি জুডিশিয়াল কমিশন বা স্বাধীন কর্তৃপক্ষ গঠন ছাড়া বিকল্প নেই। তবে এই কমিশন যেন কোনো সরকারের রাজনৈতিক হাতিয়ার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “নামে কমিশন, কিন্তু বাস্তবে যেন কোনো ফ্যাসিস্ট সরকারের ইনস্ট্রুমেন্ট না হয়—সেটা নিশ্চিত করতে হবে।
গণমাধ্যম শিল্পে শ্রম আইন, কর ব্যবস্থা, বেতন-ভাতা ও জবাবদিহি নিশ্চিত না হলে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করার বিষয়েও মত দেন তথ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ গণমাধ্যম ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। সাংবাদিকতাসহ বিভিন্ন পেশার চরিত্র বদলে যাচ্ছে, তাই খাতটিকে নতুনভাবে ভাবতে হবে।
গণমাধ্যমে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাধীনতা ও দায়িত্বের মধ্যে কোনো বিরোধ নেই; নৈরাজ্যপূর্ণ স্বাধীনতা সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সভায় সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় এবং সব অংশীজনকে নিয়ে একটি গ্রহণযোগ্য ঐকমত্য তৈরির আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত