1
2
| প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সেমেনিওর জাদুকরি ফ্লিকে এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
ওয়েম্বলির ফাইনালে দীর্ঘ সময় ছিল একঘেয়ে ফুটবলের ছাপ। গ্যালারিজুড়ে দর্শকদের ক্লান্তি, মাঠে জমছিল না আক্রমণের ঝড়। তবে শেষ পর্যন্ত সেই নিস্তেজ ম্যাচেই জ্বলে উঠলেন আন্তোয়ান সেমেনিও। তাঁর চোখধাঁধানো এক ফ্লিকেই চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি।
শনিবার ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারায় পেপ গার্দিওলার দল। ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে।
শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে চেলসি। নিজেদের অর্ধে গুটিয়ে থেকে সিটির আক্রমণ ঠেকানোই ছিল তাদের মূল পরিকল্পনা। অন্যদিকে সিটির খেলাতেও ছিল না পরিচিত গতি কিংবা সৃজনশীলতার ঝলক। ফলে প্রথমার্ধে ম্যাচে রোমাঞ্চের ঘাটতি ছিল স্পষ্ট।
তবে এর মাঝেই গোল পেয়েছিলেন আর্লিং হলান্ড। কিন্তু বিল্ড-আপে মাথেউস নুনেস অফসাইডে থাকায় রেফারি সেই গোল বাতিল করেন। বিরতির ঠিক আগে মার্ক গুয়েহির বাড়ানো বল থেকে সুযোগ পেলেও হলান্ডের শট সহজেই ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক সানচেজ।
দ্বিতীয়ার্ধে কিছুটা বদলে যায় ম্যাচের গতি। ৫৪ মিনিটে নিকো ও’রাইলির ক্রস থেকে সহজ সুযোগ পেয়েও হেড বাইরে মারেন সেমেনিও। অন্যদিকে চেলসিও পাল্টা আক্রমণে ভয় ধরিয়েছিল। ময়জেস কাইসেদোর হেড প্রায় গোললাইন অতিক্রম করতে যাচ্ছিল, তবে দুর্দান্ত দক্ষতায় হেড করে বিপদমুক্ত করেন রদ্রি।
অবশেষে ৭২ মিনিটে আসে ম্যাচের নির্ধারক মুহূর্ত। হলান্ড ও বার্নার্দো সিলভার সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে পাওয়া বলে অসাধারণ এক ফ্লিকে গোল করেন সেমেনিও। তাঁর সেই দৃষ্টিনন্দন ফিনিশেই ভাঙে ম্যাচের অচলাবস্থা।
গোল হজমের পর মরিয়া হয়ে ওঠে চেলসি। সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন এনজো ফার্নান্দেজ। তবে বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর ভলি অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিটিও। কিন্তু মাথেউস নুনেস ও রায়ান চেরকির দুটি প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন সানচেজ।
তবুও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল। এই জয়ে অষ্টমবারের মতো এফএ কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। পাশাপাশি গার্দিওলার অধীনে এটি ক্লাবটির ২০তম ট্রফি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত