নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, প্রথম ইনিংসে ২৭৮ রান

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, প্রথম ইনিংসে ২৭৮ রান
ক্রীড়া প্রতিবেদক :

সিলেট টেস্টে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে সেই ধাক্কা সামলে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে লড়াইয়ে ফেরান লিটন দাস। তার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ২৭৮ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই শূন্য রানে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলীয় ১০৬ রানে চতুর্থ উইকেট হারানোর পর ক্রিজে নামেন লিটন দাস। এরপর মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজও দ্রুত বিদায় নিলে বড় বিপদে পড়ে স্বাগতিকরা।

দলের স্বীকৃত ব্যাটারদের মধ্যে তখন একমাত্র ভরসা ছিলেন লিটন। তবে চাপের মুখেও দারুণ ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকেন তিনি। নিচের সারির ব্যাটারদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের রান বাড়াতে থাকেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন লিটন। এরপর নবম উইকেটে শরীফুল ইসলামের সঙ্গে গড়ে তোলেন দলের সর্বোচ্চ ৬৪ রানের জুটি। এই দুই জুটিই বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রাখে।

পাকিস্তানের বোলারদের দারুণভাবে মোকাবিলা করে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন লিটন। তিন অঙ্ক স্পর্শ করতে যখন প্রয়োজন ছিল এক রান, তখন খুররাম শেহজাদকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১২৬ রানের অসাধারণ ইনিংসে তিনি খেলেছেন ১৬টি চার ও ২টি ছক্কার মার।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন খুররাম শেহজাদ। এছাড়া মোহাম্মদ আব্বাস শিকার করেন ৩টি উইকেট।
মূল লেখা : https://www.newsbangla.news/details/3631