1
2
| প্রকাশের তারিখঃ ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত হয়। তার মতে, শ্রমিকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে।
তিনি অভিযোগ করে বলেন, আগের স্বৈরাচারী সরকার শ্রমিকদের পাশাপাশি দেশের সাধারণ মানুষকেও রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। দেশের অর্থনীতিকে আমদানিনির্ভর করা হয়েছিল এবং বিভিন্ন খাত ধ্বংস করে দেওয়া হয়েছিল।
তারেক রহমান আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের দেশে বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে, যাতে নতুন নতুন কলকারখানা স্থাপন করে কর্মসংস্থান বাড়ানো যায়।
হকার পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, যানজট ও নগর ব্যবস্থার সমস্যার কারণে হকারদের সরিয়ে দেওয়া হলেও তাদের পরিবারের কথা বিবেচনায় নিয়ে পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তাদের জন্য নির্ধারিত স্থানে পুনর্বাসন করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ষড়যন্ত্র করছে। তবে জনগণের সরকার হওয়ায় এসব অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষে নিজেকে একজন শ্রমিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত