1
2
| প্রকাশের তারিখঃ ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান, বড় বিনিয়োগ চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর করা হয়। বিমানের পক্ষে এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
চুক্তি অনুযায়ী, বিমান ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কিনবে। প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলারের এই বিনিয়োগ দেশের বিমান খাতে অন্যতম বৃহৎ ক্রয়চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি বলেন, এই চুক্তি দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে এবং বিমানকে একটি প্রতিযোগিতামূলক এয়ারলাইনসে পরিণত করতে সহায়তা করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সরকার বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এভিয়েশন খাত নিয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে।
বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান রুমি এ হোসেন জানান, নতুন উড়োজাহাজ যুক্ত হলে যাত্রীসেবা উন্নত হবে এবং নতুন রুট চালুর সুযোগ তৈরি হবে। পুরোনো উড়োজাহাজ প্রতিস্থাপন করে আধুনিক বহর গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
জানা গেছে, নতুন ৭৮৭-১০ উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের রুটে এবং ৭৮৭-৯ ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ দূরত্বের রুটে ব্যবহৃত হবে। এছাড়া ৭৩৭-৮ ম্যাক্স যুক্ত হওয়ায় স্বল্প দূরত্বের রুটে সেবা আরও আধুনিক হবে। এসব উড়োজাহাজ প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীদের জন্য উন্নত সুবিধা নিশ্চিত করবে।
নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের দীর্ঘ ও আঞ্চলিক রুটে সক্ষমতা বাড়বে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত