1
2
| প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয় পেলেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা
নিজস্ব প্রতিবেদক
বগুড়া প্রতিনিধি :
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা যায়।
ফলাফল অনুযায়ী, আসনের মোট ১৫১টি কেন্দ্রে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি প্রতীক) পেয়েছেন ৫২৬ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের উপনির্বাচনে প্রায় ৪৩ শতাংশ ভোট পড়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৩ হাজার ৭৩৬টি পোস্টাল ব্যালটের মধ্যে জমা পড়ে ১ হাজার ৬৮টি ভোট। এর মধ্যেও ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা এগিয়ে ছিলেন; তিনি পোস্টাল ব্যালটে পেয়েছেন ৭১৬ ভোট।
মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, পুরো নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল একীভূত করার পর রাতে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত