1
2
| প্রকাশের তারিখঃ ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
একনেকে ৫ প্রকল্প অনুমোদন, বাকিগুলো অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা মাঝপথে মুলতবি করা হয়েছে। কার্যতালিকায় ১৯টি প্রকল্প থাকলেও ৮ম প্রকল্প নিয়ে আলোচনা চলাকালেই সভা স্থগিত করা হয়। বাকি প্রকল্পগুলো আগামী একনেক সভায় আলোচনা হবে।
সভা সূত্রে জানা গেছে, তালিকার প্রথম ৭টি প্রকল্পের মধ্যে তিনটি সংশোধিত ও দুটি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে করতোয়া নদীর সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং অংশীদারিমূলক পল্লী উন্নয়ন ৪র্থ পর্যায় (পিআরডিবি-৪) প্রকল্প অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) পরিকল্পনা কমিশনে সভা হওয়ার কথা থাকলেও পরে সচিবালয়ের মন্ত্রীপরিষদ সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত ৫টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৮৩ কোটি ৪৪ লাখ টাকা, যার মধ্যে সরকারি অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং ঋণ ৯২ কোটি ৬ লাখ টাকা।
সভা মাঝপথে মুলতবি হওয়ার বিষয়ে পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি প্রথম একনেক হওয়ায় প্রধানমন্ত্রী প্রতিটি প্রকল্প বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করেন। করতোয়া নদী উন্নয়ন প্রকল্প নিয়েই প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়। প্রয়োজনীয়তা নিশ্চিত না হয়ে তিনি কোনো প্রকল্প অনুমোদন দেননি। পরে জরুরি বৈঠক থাকায় সভা স্থগিত করা হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২, চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪, শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন (সংশোধিত) প্রকল্পসহ কয়েকটি মেয়াদ বৃদ্ধি প্রকল্প।
এদিকে তালিকাভুক্ত হলেও আলোচনা না হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ, বিভিন্ন সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, সড়ক উন্নয়ন ও সেতু নির্মাণসহ একাধিক বড় প্রকল্প।
একনেকের তালিকার বাইরে আরও দুটি বড় প্রকল্প উপস্থাপনের কথা ছিল, যার মধ্যে নগর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও কাস্টমস আধুনিকায়ন প্রকল্প উল্লেখযোগ্য। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প সভায় অবহিত করার কথা ছিল।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত