1
2
| প্রকাশের তারিখঃ ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পাবনায় হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন!
নিজস্ব প্রতিবেদক
মো: ইমরান হোসেন, সদর (পাবনা) প্রতিনিধি :
হাম ও রুবেলা রোগ প্রতিরোধে শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে পাবনায়। রবিবার (৫ এপ্রিল) জেলা সদরের ৪১ নম্বর চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, পাবনা সদর উপজেলায় মোট ৫৫ হাজার ৬৫৭ শিশুকে টিকা প্রদান করা হবে। এর মধ্যে পৌরসভা এলাকায় ২৬ হাজার ৫৫৮ জন শিশু অন্তর্ভুক্ত। এছাড়া আটঘরিয়া, ঈশ্বরদী ও বেড়া উপজেলাসহ জেলায় মোট ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।
স্বাস্থ্য বিভাগ জানায়, সম্প্রতি জেলা সদরের হিমায়েতপুর ও দোগাছি এলাকায় হাম রোগের সংক্রমণ তুলনামূলক বেশি দেখা গেছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাম আক্রান্ত হয়ে ইতোমধ্যে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে জেলা সদর হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত