ঢাকা প্রতিনিধি :
নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রধানমন্ত্রী তাকে ও তার সঙ্গে উপস্থিত নেতৃবৃন্দকে ইফতারের দাওয়াত দেওয়ায় জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। হাজারো মানুষের নির্যাতনের বিনিময়ে দেশ আবার গণতন্ত্র ফিরে পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও আশা নিয়ে সবার দিকে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।
ইফতার মাহফিলে বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আমরা এই পবিত্র সময়ে আল্লাহর নামে শপথ গ্রহণ করি, যেন আমাদের আগামী দিনের কাজগুলো হয় এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।”
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।