চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি অরাজনৈতিক, পরিবেশ ও পরিচ্ছন্নতাভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট। দেশ-বিদেশের প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবীর সমন্বয়ে সংগঠনটি ২০২৩ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে আসছে। পাশাপাশি অসহায়, দরিদ্র ও সম্বলহীন মানুষের পাশে দাঁড়িয়ে নানাভাবে সহায়তা প্রদান করে মানবিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
সম্প্রতি ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত সামাজিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক ও সাংবাদিক, নিউজ বাংলা'র সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আমীর হোসেন সোহাগ। একই সভায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ রাফায়েল রাফি ও সাংগঠনিক সম্পাদক তরুণ সমাজকর্মী তৈয়ব আলী।
নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগ তাঁর প্রতিক্রিয়ায় বিগত কমিটির সকল নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি নতুন কমিটির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও মানবিক করে তুলতে সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট আগামী দিনে সমাজসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একটি অনুকরণীয় সামাজিক সংগঠন হিসেবে এগিয়ে যাবে।