1
2
| প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের উপকিলপাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ১টার দিকে মিটিংয়ের উদ্দেশ্যে কিছু নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হন। মিটিংয়ের বিষয় টের পেয়ে এ সময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
অবস্থা বেগতিক দেখে জাতীয় পার্টির নেতাকর্মীরা পালিয়ে যান। পরে অফিস কক্ষে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, দলীয় প্রতীক লাঙ্গলসহ ভাঙচুর করেন ছাত্র-জনতা। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেন তারা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি বলেন, নওগাঁকে অস্থিতিশীল করার জন্য আজকে তারা মিটিং করছিল। সে খবর পেয়ে আমরা ছাত্র জনতা তাদের এই গোপন বৈঠকে বাধা প্রদান করি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তিনি আরো বলেন, জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে।
তারা আওয়ামী লীগের সব নির্বাচনকে বৈধতা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে থাকতে পারে না।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত