1
2
| প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে ‘বিজয় মশাল রোড শো’। এছাড়া ১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।
২৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির কথা জানিয়েছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ‘বিজয় মশাল রোড শো’ ও আলোচনা সভা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান পরিবেশন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার, জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে।
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের মার্চ মাসে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। কালুরঘাট আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য অংশ। এই ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শুরু হবে এবারে বিএনপির বিজয় মাস উদযাপনের কর্মসূচি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে, একইদিন তা চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছবে। মশাল বহন করবেন একাত্তরের একজন মুক্তিযোদ্ধা এবং চব্বিশের একজন জুলাই যোদ্ধা। আমরা মনে করি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের এবং ২০২৪ সালে হল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার।
১৬ দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরে ফখরুল বলেন, বিজয় মশাল রোড শো’ ও সমাবেশ চট্টগ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরে হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন একাত্তরের একজন মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের একজন জুলাই যোদ্ধা।
মির্জা ফখরুল জানান, একটি নিরাপদ সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হবে। এই পুরো আয়োজনে বিএনপির থিম সং ‘সবার আগে বাংলাদেশ’এই গানটি গাওয়া হবে। দেশের সব বিভাগ ঘুরে বিজয় মশাল সবশেষে ১৬ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে। ওই দিন ঢাকার মানিক এভিনিউতে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিজয় মাসের ‘বিজয় মশাল রোড শো’।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত