1
2
| প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে দেশি-বিদেশি সাংবাদিকদের ভিড়
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
জুলাই গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ১৭ নভেম্বর সোমবার ঘোষণা করা হবে। এ ঐতিহাসিক মামলার খবর সংগ্রহ করতে ভোর থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভিড় করেছেন দেশের বিভিন্ন ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা। রয়টার্স, এপি, এএফপি, আল জাজিরা, বিবিসি ওয়াল্ডসহ প্রধান আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন।
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এটি প্রথমবার যে কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা হতে যাচ্ছে। রয়টার্স এ বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে।
রায়ের কারণে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এ ছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে রয়েছেন। জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে এবং কিছু সড়ক বন্ধ রাখা হয়েছে।
মামলার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের তারিখ নির্ধারণ করেছেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলায় মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে। প্রসিকিউশন ও ডিফেন্স পক্ষের যুক্তিতর্ক ৯ কার্যদিবস চলে।
প্রসিকিউশন শেখ হাসিনা ও মামলার অন্য আসামি কামালের সর্বোচ্চ সাজা দাবি করেছে। মামলায় আরও একজন আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর নির্ভর করা হবে। তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুল হত্যাকাণ্ড ও আশুলিয়ায় লাশ পোড়ানো।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত