1
2
| প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বরিশালে চাকরি বহালের দাবিতে ওএসএল ফার্মার শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো প্রধান :
চাকরি পুনর্বহালের দাবিতে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করেছেন অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের অবসান হওয়া শ্রমিক-কর্মচারীরা।
শনিবার দুপুর ১২টার দিকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন সিএন্ডবি রোডে তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধ চলাকালে শ্রমিকরা জানান, গত ২৮ অক্টোবর ডাকযোগে তাদের চাকরি অবসানের নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পর থেকেই তারা কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। তবে মালিকপক্ষ তাদের সঙ্গে কোনো আলোচনা না করায় বাধ্য হয়ে আজ প্রধান সড়কে অবরোধে নামেন তারা।
শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন কর্মরত থাকা সত্ত্বেও হঠাৎ করে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত অমানবিক। তারা দ্রুত চাকরি পুনর্বহালের দাবি জানান।
এদিকে অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক বিভাগে উৎপাদন কার্যক্রম চালু রাখা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানায়, অবসানকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা আগামী ২০ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। ভবিষ্যতে বিভাগটি পুনরায় চালু হলে অব্যাহতি পাওয়া শ্রমিক-কর্মচারীদেরই অগ্রাধিকার দেয়া হবে বলেও জানিয়েছে কোম্পানি।
চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত