1
2
| প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হবে ১৩ নভেম্বর বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।
সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি।
১২ নভেম্বর বুধবার সকাল থেকে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একইভাবে ভোর থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে, গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আগামী ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন নিরাপত্তা আরও বাড়ানো হবে। নাশকতার অভিযোগে প্রায় একশ' জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের গেটসহ কয়েকটি এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। রায়ের দিন নির্ধারণ ঘিরে ট্রাইব্যুনালেও কয়েক স্তরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত