1
2
| প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রোভম্যান-ফোর্ডের টর্নেডো থামিয়ে সমতায় ফিরল নিউজিল্যান্ড
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
অসম্ভবকে প্রায় সম্ভবই করেছিলেন রোভম্যান পাওয়েল-ম্যাথিউ ফোর্ডরা। কিন্তু শেষে এসে আর পারলেন না। এতে অকল্যান্ডে এবার মুদ্রার উল্টো পিঠটাই দেখতে হলো তাদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজেরাই শেষ ওভারে ৩ রানের রোমাঞ্চকর হার দেখল।
শেষটা বিবেচনা করলে জয়েই ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্য ছিল। কেননা শেষ ৬ বলে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন ছিল। বলা যায়, ৭ বলে। কেননা কাইল জেমিসন তৃতীয় বৈধ বল করার আগে নো দিয়েছিলেন। তবে ফ্রি হিটে এক রানের বেশি নিতে পারেননি ম্যাথিউ ফোর্ড।
সব মিলিয়ে প্রথম তিন বলে ১০ রান নিয়ে ম্যাচই শেষ করেছিলেন ফোর্ড। বাকি ৩ বলে তাই ৬ রান প্রয়োজন ছিল। স্ট্রাইক পেয়ে চতুর্থ বলকে ছক্কা হাঁকাতে গিয়ে দলের সর্বোচ্চ ৪৫ রান করা ব্যাটার রোভম্যান শর্ট থার্ডে ক্যাচ দিয়ে বসেন মার্ক চাপম্যানকে।
শেষ ২ বলে পরে এক রান করে দুই রান নিতে পেরেছেন আকিল হোসেন ও ফোর্ড। এতে ৩ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফেরে নিউজিল্যান্ড। শেষটা বাদে ২০৮ রান তাড়া করতে নেমে কখনো ওয়েস্ট ইন্ডিজের হাতে ম্যাচ ছিল না। দলীয় ৯৩ রানে ৬ উইকেট হারানো ক্যারিবিয়ানরা তো এক সময় হারকে আলিঙ্গন করার অপেক্ষায় ছিল। কেননা শেষ ৩০ বলে ৯১ রান প্রয়োজন ছিল।
সেখান থেকে ১৬ ও ১৭তম ওভারে মিলিয়ে মোট ৫টি ছক্কা হাঁকিয়ে দূরের আলোটা কাছে নিয়ে আসেন রোভম্যান এবং রোমারিও শেফার্ড। শেফার্ড ২১২.৫০ স্ট্রাইক রেটে ৩৪ রান করে দেওয়ার পরেও শেষ ১৮ বলে ৫২ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেই সমীকরণ নাগালে এনে ছিলেন রোভম্যান ও ফোর্ড। কিন্তু শেষে এসে আর পারলেন না তারা। ২৮১.২৫ স্ট্রাইকরেটে করা রোভম্যানের ৪৫ রানের ইনিংসটি তাই আর কোনো কাজে আসেনি ক্যারিবিয়ানদের। ইনিংসটি সাজিয়েছিলেন ৬ ছক্কার বিপরীতে ১ চারে। অন্যদিকে ফোর্ড সমান ২ ছক্কা-চারে ২৯ রানে অপরাজিত থাকেন। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন ইশ সোধি ও মিচেল স্যান্টনার।
এর আগে নিউজিল্যান্ডের হয়ে ঝড় তোলেন চাপম্যান। চারে নেমে খেলেন ৭৮ রানের টনের্ডো ইনিংস। ২৭৮.৫৭ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ৬ চারের বিপরীতে ৭ ছক্কায়। তার ম্যাচসেরা এই ইনিংসে ভর করেই ৫ উইকেটে ২২০৭ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। ছোট্ট ইনিংস খেলে অবদান রেখেছেন টিম রবিনসন (৩৯) ও দুই অপরাজিত ব্যাটার ড্যারিল মিচেল (২৮) এবং অধিনায়ক স্যান্টনার (১৮)।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত