1
2
| প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগে গুলি, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হওয়া সরওয়ার বাবলা মারা গেছেন। ৫ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ হওয়া সরওয়ার বাবলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনা কারা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। ঘটনার কারণ ও কারা এ ঘটিয়েছে তাদের আটক করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে।
বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন, এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে গুলি করেছে। এতে এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি জসিম উদ্দিন। তিনি বলেন, এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।
স্থানীয় সূত্র জানা যায়, এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণা করছিলেন বায়েজিদ বোস্তামি এলাকায়। এ সময় সরওয়ার বাবলা নামের একজনকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে এরশাদ উল্লাহ, সরওয়ার বাবলাসহ ৩ জন গুলিবিদ্ধ হন। সরওয়ার বাবলার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি প্রচারণার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এদিকে, বুধবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। ৫ নভেম্বর বুধবার চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত