1
2
| প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বার্সেলোনার ইয়ামালের পারফরম্যান্সে ধার কমেছে যে কারণে!
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল এখনো ভুগছেন কুঁচকির ইনজুরিতে। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ‘পিউবালজিয়া’ নামে পরিচিত এই সমস্যাটি তার পারফরম্যান্সে বড় ধরনের প্রভাব ফেলছে। সামনের দিনে ব্যথা না কমলে ভবিষ্যতে অস্ত্রোপচারের সিদ্ধান্তও নিতে হতে পারে। তবে আপাতত বার্সেলোনা ও ইয়ামাল, দুপক্ষই ছুরি-কাঁচির প্রয়োজনীয়তা নেই বলে মনে করছে।
ক্লাবটির চিকিৎসক দল রক্ষণশীল চিকিৎসা দিয়ে তার অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে বাইরের বিশেষজ্ঞরাও ইয়ামালের ইনজুরি পর্যালোচনা করেছেন, কিন্তু কেউই এখনই সার্জারির পরামর্শ দেননি।
পিউবালজিয়ার কারণে কুঁচকির আশপাশে স্থায়ী ব্যথা থাকে। এটি পেশির ইনজুরি না হলেও চটজলদি দিক পরিবর্তন বা গতি বাড়ানোর মতো গতি-নির্ভর খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় বাধা সৃষ্টি করে। যা ইয়ামালের ক্ষেত্রেও স্পষ্ট হয়ে উঠেছে। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার সাম্প্রতিক পরাজয়ের ম্যাচে তিনি ছিলেন নিস্তেজ, বারবার ব্যথার কারণে সতর্কভাবে খেলতে দেখা গেছে তাকে।
স্প্যানিশ ক্রীড়া বিশেষজ্ঞ ড. পেদ্রো লুইস রিপোল বলেন, এই ইনজুরি খেলোয়াড়কে মাঠ থেকে সরিয়ে দেয় না, কিন্তু পুরো খেলায় তাকে বদলে দেয়। তারা ধীর হয়ে যায়, প্রতিক্রিয়া কমে যায় এবং শট নেওয়ার সক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। ইনজুরিতে পড়ার পর থেকে ইয়ামাল পাঁচ ম্যাচে মাত্র এক গোল (পেনাল্টি থেকে) এবং দুই অ্যাসিস্ট করেছেন।
তবে ক্লাব আশাবাদী যে, বর্তমান চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমেই ইয়ামাল ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। তরুণ এই তারকা সপ্তাহজুড়ে স্বাভাবিকভাবে অনুশীলন করেছেন এবং আগামী রবিবার এলচের বিপক্ষে বার্সেলোনার দলে থাকার সম্ভাবনা রয়েছে। এল ক্লাসিকোর হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে ইয়ামালের উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত