1
2
| প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
একটি দল ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় : সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন রাজনীতির সাথে একটি দল ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায়। সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত করতে সঠিক পথে রাজনীতি করতে হবে। এর ফলে দেশ থেকে অপরাজনীতি বিদায় হবে।
১ নভেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশে সব সময়, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতি এবং বিভিন্ন তরিকা ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা আমরা লক্ষ করি। ইদানীং সেটা আরো বেশি লক্ষ করা যাচ্ছে। একটি রাজনৈতিক দল নির্বাচন ও রাজনীতির সঙ্গে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি তৈরি করতে চায়। তারা ইসলামের ক্ষতি করতে চায়।
তিনি বলেন, বাংলাদেশে আমরা ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামের চর্চা করি। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি। মহানবী হজরত মুহাম্মদ (সা.) যে ইসলামের প্রবর্তন করে গেছেন, সেই ইসলামের অনুসারী আমরা।
এখানে আমরা মওদুদী ইসলামের অনুসারী তো নই। সুতরাং যারা ফিতনা তৈরি করে দেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে।
বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসলামবিদ্বেষী রাজনীতি করেছে, আলেমবিদ্বেষী রাজনীতি করেছে, মুসলিমবিদ্বেষী রাজনীতি করেছে। তাদের বিদায় কিভাবে হয়েছে, তা আমরা দেখেছি। এখন নতুন বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী ফ্যাসিবাদী তথা অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত করতে আমাদের সঠিক পথে রাজনীতি করতে হবে, আমাদের আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে। এর ফলে দেশ থেকে অপরাজনীতি বিদায় হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত