1
2
| প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বর্তমান সময়ের গণভোটের দাবি ব্যক্তিগত স্বার্থে, দেশ ও জাতির স্বার্থে নয় : নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান সময়ের গণভোটের দাবি আসলে দেশ ও জাতির স্বার্থে নয়, বরং কিছু ব্যক্তির রাজনৈতিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে করা হচ্ছে। এই দাবির ফলে আসন্ন জাতীয় নির্বাচন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
৩১ অক্টোবর শুক্রবার জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এসব কথা বলেছেন।
নুরুল হক নুর বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে ও জনগণকে বিভ্রান্ত করতে গণভোটের দাবি তোলা হয়েছে। আমরা জানি, পর্দার আড়ালে কী আলোচনা চলছে অনেকেই বিরোধী দলে থাকার জন্য দেনদরবারে ব্যস্ত।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আরও বলেন, সরকার যদি তিন মাস আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করত, তাহলে এখন গণভোটের সময় থাকত। কিন্তু ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে মাত্র এক মাস হাতে থাকে। এক মাসে কীভাবে গণভোট সম্ভব? এই প্রশাসন দুর্বল, আর সরকারও মুহূর্তে অবস্থান পাল্টায় আকাশের মেঘের মতো।
নুরুল হক নুর দাবি করেন, জুলাই সনদে সব দলই স্বাক্ষর করেছে, তাই নির্বাচনে কোনো বাধা নেই। তাঁর ভাষায়, সরকারকে বলব- নতুন বছরের প্রথম মাসেই জাতীয় নির্বাচন দিন। জানুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক, প্রয়োজনে তার সঙ্গে গণভোটও হতে পারে।
গণ অধিকার পরিষদের সভাপতি সতর্ক করে বলেন, গণভোট নিয়ে যদি বিরোধ ও বিভাজন তৈরি হয়, তাহলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম আমরা করেছি, সেই পরাজিত শক্তিরাই আবার সুযোগ নিতে পারে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত