1
2
| প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ২ জন, আহত অনেকেই
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একটি ক্যাথলিক স্কুলে বুধবার এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২ জন নিহত ও অনেকেই আহত হয়েছে বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিবিএস জানিয়েছে, ১৫ শিশুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় রেডিও জানিয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীকে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
পুলিশ সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম আরো জানিয়েছে, গুলিবর্ষণকারী নিহত হয়েছেন। তবে হতাহতদের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
মিনেসোটা অঙ্গরাজ্যের পুলিশ ঘটনাস্থলে রয়েছে জানিয়ে গভর্নর টিম ওয়ালজ এক্সে এক পোস্টে বলেছেন, ‘অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলির ঘটনায় আমাকে জানানো হয়েছে এবং আমরা নতুন তথ্য পেলে জানিয়ে দেব। স্কুলটি শহরের দক্ষিণাংশে চার্চের পাশে অবস্থিত।
সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উল্লেখযোগ্যসংখ্যক জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন, অভিভাবকরা ছোট শিশুদের নিয়ে স্কুল ছেড়ে যাচ্ছেন।
স্কুলের একজন কর্মকর্তা এএফপিকে ফোনে বলেছেন, ‘আমরা আমাদের শিশুদের ভবন থেকে বের করে আনার প্রক্রিয়ায় আছি।
পরবর্তীতে শহরের সরকারি এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘হামলাকারীকে নিয়ন্ত্রণে আনা হয়েছে ও বর্তমানে নাগরিকদের জন্য কোনো সক্রিয় হুমকি নেই।’ পোস্টে আরো জানিয়েছে, উদ্ধারকারী কর্মীরা যাতে ক্ষতিগ্রস্তদের ঠিকভাবে সহায়তা করতে পারে, সেজন্য নাগরিকদের এ এলাকায় না আসার অনুরোধ করা হয়েছে। তবে কতজন আহত বা নিহত হয়েছে তা জানানো হয়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘দুঃখজনক গুলির’ ঘটনার বিষয়ে জানতে পেরেছেন ও এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে তিনি লেখেন, হোয়াইট হাউস এ ভয়াবহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবে। এতে ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করুন।
শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ছুটি শেষে ফেরার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে সক্রিয় বন্দুকধারীর মিথ্যা খবরের ঢল নেমেছিল, তার পরই এ ঘটনা নিশ্চিতভাবে ঘটল।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত