মো: শাহজাহান মিয়া জলি, চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার গ্রিডের ৩৩ কেবি সাবস্টেশনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েছেন চুনারুঘাট উপজেলা সহ জেলার হাজারো মানুষ। এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ট্রান্সফর্মারে ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হলেও নিশ্চিত হওয়া যায়নি।
হবিগঞ্জের শায়েস্থাগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড :
পিডিবির হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। সে জন্য আরো দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ দুর্ঘটনায় দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন বলেন, এ দুর্ঘটনার ফলে পুরো জেলার প্রায় পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।আগুনে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে সময় লাগবে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে চাইলে চয়ন বলেন, এটি এখনো নিশ্চিত নয়। তদন্তের পর বলা যাবে।