পাবনা সংবাদদাতা :
পাবনা জেলার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে গ্রামবাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হাদিস নামের এক জনের মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মৃত ব্যাক্তির পক্ষের লোকজন বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন।
২৬ জুলাই শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদিস নামের ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত হাদিস সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের শুকুরের ছেলে। তিনি বেড়ে উপজেলার তারাপুরে গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, বেড়া উপজেলার তারাপুরে গ্রামে দুটি মসজিদ রয়েছে। এর মধ্যে একটি পুরনো ও অপরটি নতুন মসজিদ নামে পরিচিত। গত কয়েকবছর আগে পুরনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে মতবিরোধ দেখা দেয়। সে সময় মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিনসহ একটি পক্ষ নতুন মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি এই নতুন মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেয়া হয়।
তারা আরও জানান, গতকাল শুক্রবার নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে অপর একটি গ্রুপ তাতে বাঁধা দেয়। একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় নতুন মসজিদটি ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে নতুন মসজিদের পক্ষের হাদিস (৪০) গুরুতর আহত হন। ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাবনার বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় সেলিম নামের ১ জনকে আটক করা হয়।