হোসেনপুরে মাদক, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: মানসুরুল হক রবিন,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক কারবার, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং যানজট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসিম সবুজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুজাহিদুল কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম ছিদ্দিক, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :