জুলাইয়ের মধ্যে চামড়াশিল্পের দীর্ঘ মেয়াদি রোডম্যাপ দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী
নিউজ বাংলা ডেস্ক :
দেশের চামড়াশিল্পকে আরও শক্তিশালী, আধুনিক ও রপ্তানিমুখী খাতে রূপ দিতে আগামী জুলাই মাসের মধ্যে একটি দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে সরকার। এই পরিকল্পনায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
শুক্রবার (২৯ মে) রাজধানীর লালবাগের পোস্তায় কোরবানির কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে চামড়া শিল্পকে একটি বড় রপ্তানি খাতে পরিণত করা। এ জন্য একটি পূর্ণাঙ্গ ও বাস্তবভিত্তিক রোডম্যাপ প্রস্তুত করা হচ্ছে, যেখানে খাতটির উন্নয়ন থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত পুরো চেইনকে সমন্বিতভাবে সাজানো হবে।
তিনি আরও বলেন, চামড়াশিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত। সঠিক ব্যবস্থাপনা ও আধুনিকায়নের মাধ্যমে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আয় বহুগুণ বাড়ানো সম্ভব। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ী, আড়তদার এবং মসজিদ-মাদরাসাভিত্তিক সংরক্ষণ উদ্যোগের কারণে এবার অধিকাংশ কোরবানির চামড়া ব্যবহারযোগ্য অবস্থায় সংগ্রহ করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আমিনবাজার, পোস্তা ও সাভারের হেমায়েতপুরের আড়ত পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের হাতে বিপুল পরিমাণ চামড়া এসেছে এবং সেখানে নিয়ম মেনে লবণ মাখানোর কাজ চলছে। সব চামড়া একসঙ্গে ঢাকায় আসে না, পুরো প্রক্রিয়া শেষ হতে সাধারণত দুই থেকে তিন মাস সময় লাগে।
চামড়া সংরক্ষণে সঠিক পদ্ধতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কোরবানির চার থেকে ছয় ঘণ্টার মধ্যে চামড়া পরিষ্কার করে লবণ মাখাতে পারলে তা তিন থেকে চার মাস ভালো অবস্থায় সংরক্ষণ করা যায়। অন্যথায় গুণগত মান নষ্ট হয়ে যায়। বর্তমানে তাপমাত্রা তুলনামূলক সহনীয় থাকায় চামড়া সংরক্ষণের পরিবেশ অনুকূলে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, কাঁচা চামড়া থেকে ধাপে ধাপে ওয়েট ব্লু, ক্রাস্ট ও ফিনিশড লেদার তৈরি করে জুতা, স্যান্ডেল, বেল্টসহ নানা পণ্য উৎপাদন করা হয়। তাই প্রাথমিক পর্যায়ে সংরক্ষণে অবহেলা হলে পুরো শিল্প ক্ষতির মুখে পড়ে।
চামড়া পাচার রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দেশের একটি চামড়াও যেন পাচার না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
সাভারের চামড়া শিল্প নগরী ও সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটির দৈনিক সক্ষমতা ২৫ হাজার কিউবিক মিটার হলেও বাস্তবে তা ১৪ থেকে ১৮ হাজার কিউবিক মিটারে সীমাবদ্ধ। এই সক্ষমতা বাড়াতে দ্রুত সংস্কার কার্যক্রম নেওয়া হবে। সিইটিপির সীমাবদ্ধতা কাটাতে পারলে নতুন বিনিয়োগ আসবে এবং সব ট্যানারি আধুনিক শিল্পায়নের আওতায় আনা সম্ভব হবে বলেও তিনি জানান।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারে চামড়ার মান ধরে রাখতে জবাই ও স্কিনিং প্রক্রিয়াকে আধুনিক ও যান্ত্রিক করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে দেশে চামড়াজাত পণ্যের বাজার ও রপ্তানির পরিমাণ প্রায় ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ বাজারও বেশ বড়। কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার ইতোমধ্যে বিসিক ও জেলা প্রশাসনের মাধ্যমে মাদরাসা ও বিভিন্ন সংগ্রহকেন্দ্রে বিনা মূল্যে লবণ সরবরাহ করেছে।
পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুল রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, বিসিকের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
